কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ এ ১১:১৫ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২২-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ২২-০৬-২০৩০
লালমনিরহাট জেলায় পরিবেশ সংরক্ষণ কার্যক্রম গতিশীল করতে এবং পরিবেশ দূষণ রোধে এক নিবিড় পরিদর্শনের অংশ হিসেবে অদ্য ২২ জুন ২০২৬ খ্রি. তারিখে দিনব্যাপী মাঠপর্যায় সফর করেছেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক জনাব নুর আলম মহোদয়। এই সফরে তিনি পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্রের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনের শুরুতেই পরিচালক মহোদয় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ে পৌঁছান এবং সেখানে নবনির্মিত ‘কংক্রিট ব্লকের প্রদর্শনী কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন:"জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (Top Soil) রক্ষা করতে পোড়ানো ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। এই প্রদর্শনী কর্নারটি স্থানীয় সাধারণ মানুষ ও নতুন উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে উৎসাহিত করবে।"
জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস ও চিকিৎসা বর্জ্য (Medical Waste) সঠিক নিয়মে ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালক মহোদয় সদর ও পাটগ্রাম উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো প্রতিষ্ঠান যাতে কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে লালমনিরহাট জেলা কার্যালয়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন।
লালমনিরহাটের বুড়িমারী এলাকায় গড়ে ওঠা পাথর ও লাইমস্টোন ক্রাশিং (পাথর ভাঙা) প্রতিষ্ঠানগুলোর কারণে সৃষ্ট বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে কয়েকটি ডাস্ট-কন্ট্রোলিং সিস্টেমযুক্ত ক্রাশিং মিল পরিদর্শন করা হয়।
পরিচালক মহোদয় জেলার কালীগঞ্জ উপজেলার একটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটা পরিদর্শন করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের অগ্রগতি যাচাই করেন। এর পাশাপাশি তিনি লালমনিরহাটের মহেন্দ্রনগরে অবস্থিত একটি আধুনিক 'ব্লক প্রস্তুতকারক ফ্যাক্টরি' পরিদর্শন করে এই শিল্পের প্রসারে পরিবেশ অধিদপ্তর থেকে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সফরের শেষ অংশে পরিচালক মহোদয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ শীর্ষক প্রকল্পের নির্ধারিত স্থান সরজমিনে পরিদর্শন করেন। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই প্রকল্পের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত কোনো ব্যাঘাত ঘটছে কিনা এবং প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের (ECC) শর্তাবলী সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা, তা তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।