কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ এ ০৯:৪১ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৬-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ১৬-০৮-২০৩০
অদ্য ১৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে বিকাল ৩:০০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে দোকান মালিক ও ব্যবসায়ী সংগঠনসমূহের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকার দোকান মালিক, ব্যবসায়ী ও তাঁদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও পরিবেশকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকর প্রভাব, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব, জলাবদ্ধতা সৃষ্টিতে পলিথিনের ভূমিকা এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে পলিথিনের ব্যবহার বন্ধে দোকান মালিক ও ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয় এবং নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, মজুদ ও সরবরাহ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় পরিবেশ সংরক্ষণে ব্যবসায়ী সমাজ, পরিবেশবাদী সংগঠন, সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত প্রচার-প্রচারণা এবং প্রয়োজনে আইনানুগ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। তিনি পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত দোকান মালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের চলমান কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য লালমনিরহাট গড়ে তুলতে “পলিথিন নয়, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করি—পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসি”—এই প্রত্যয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।